
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত হচ্ছে ফিফা কংগ্রেস। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অন্তর্ভুক্ত ২১১টি ফেডারেশনের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তবে কানাডায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে না ইরানের। ইরানি ফুটবল কর্মকর্তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, তাঁর জানামতে ফিফা কংগ্রেস উপলক্ষে কানাডায় আসতে চাওয়া ইরানি ফুটবল কর্মকর্তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অনিতা আনন্দ মূলত ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রী আনন্দ দাবি করেছেন, ইরানকে এই প্রবেশাধিকার না দেওয়ার বিষয়টি ছিল ‘অনিচ্ছাকৃত’।
তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এবং আরও দুইজন ইরানি কর্মকর্তাকে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের ‘অনুপযুক্ত আচরণের’ কারণে প্রবেশাধিকার দেওয়া হয়নি
অনলাইন সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ প্রথম এই খবরটি সামনে আনে। তাদের প্রতিবেদন অনুযায়ী, মেহেদি তাজকে সোমবার ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু কানাডায় ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত ‘আইআরজিসির’ সঙ্গে সম্পৃক্ততার কারণে মঙ্গলবার গভীর রাতে তাকে কানাডা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানে ইরানের বর্তমান অবস্থা নিয়ে ফিফার কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আসন্ন বিশ্বকাপের আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে এশীয় ফুটবলারদের সবচেয়ে বড় আনুষ্ঠানিক সভায়ও (এশিয়ান ফুটবল কনফেডারেশন কংগ্রেস) মঙ্গলবার ইরানের প্রতিনিধিদের দেখা যায়নি। ওই সভায় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ কিংবা দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হবে কি না—এসব নিয়ে কোনো আলোচনা হয়নি।
ফিফা কংগ্রেসকে কেন্দ্র করে আগে থেকেই শঙ্কা ছিল, ভিসা জটিলতার কারণে ইরানি প্রতিনিধি দলের ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়া এবং এমনকি ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া বাধাগ্রস্ত হতে পারে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘জি’-তে ইরানের অভিযান শুরু করার কথা রয়েছে। এরপর তাদের পরবর্তী দুটি ম্যাচ মিশর এবং বেলজিয়ামের বিপক্ষে।