• Uncategorized
  • ন’ইনিংসে চার শূন্যের পর অপরাজিত ১৫৫ যশস্বীর! নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ়ের আগে জবাব ভারতীয় ওপেনারের

    জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ শতরান করেছিলেন যশস্বী। তার পর থেকে আট ইনিংসে মাত্র ১৬০ রান করেছিলেন তিনি। অবশেষে রানে ফিরলেন যশস্বী।

    সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না যশস্বী জয়সবালের। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন। নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় ওপেনারের ফর্ম চিন্তায় রেখেছিল সমর্থকদের। সমালোচনাও শুরু হয়েছিল। অবশেষে সব সমালোচনার জবাব দিলেন যশস্বী। ভারত ‘এ’ দলের হয়ে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের শেষ দিন অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেললেন তিনি।

    নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ়ের আগে ‘এ’ দলের হয়ে খেলছেন যশস্বী। প্রস্তুতি সারছেন তিনি। কিন্তু আগের তিন ইনিংসে মাত্র ১৭, ৫ ও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। টেস্টে গত ন’ইনিংসে চার বার শূন্য রানে আউট হয়েছেন যশস্বী। এই নজির লজ্জার। অবশেষে রানে ফিরলেন ভারতীয় ব্যাটার।

    ক্রাইস্টচার্চে ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ১৬২ বলে অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলেন যশস্বী। ৯৫.৬৮ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। বোঝাই যাচ্ছে, আগ্রাসী ব্যাটিং করেছেন ভারতীয় ওপেনার। মেরেছেন ১৫টি চার ও পাঁচটি ছক্কা। ডিন ফক্সক্রফ্টের বলে ছক্কা মেরে শতরান করেন বাঁহাতি ওপেনার। শতরানের পর তাঁর উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছিল, এই ইনিংসের গুরুত্ব কতটা।

    চলতি বছর জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ শতরান করেছিলেন যশস্বী। তার পর থেকে আট ইনিংসে মাত্র ১৬০ রান করেছিলেন তিনি। এই ইনিংসেও ব্যর্থ হলে প্রথম একাদশে জায়গা পেতে সমস্যা হত তাঁর।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 min