• Uncategorized
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাকালুর চূড়ায় বাবর আলী

    বিশ্বে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। ২০২৫ সাল পর্যন্ত এই তালিকার চারটি শৃঙ্গে আরোহন করে বাংলাদেশের ইতিহাসে অনন্য কীর্তি গড়েছিলেন পর্বতারোহী বাবর আলী। যা কোনো বাংলাদেশির পক্ষেই আগে সম্ভব হয়নি।

    এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। শনিবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী পৌঁছে যান মাউন্ট মাকালু-র চূড়ায়। এর মাধ্যমে তিনি জয় করলেন নিজের পঞ্চম ৮ হাজার মিটারের শৃঙ্গ।

    ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার মাউন্ট মাকালু পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বত। যা নেপালের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। এই শৃঙ্গে এটাই কোনো বাংলাদেশির প্রথম সফল আরোহণ।

    নেপালভিত্তিক আউটফিটার মাকালু এডভেঞ্চারের মালিক মোহন লামসালের বরাত দিয়ে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান।

    মাকালু এক্সপেডিশন : দ্য ফিফথ ফ্রন্টিয়ার- শিরোনামের এই অভিযানের আয়োজন করে পর্বতারোহী সংগঠন ভার্টিকেল ড্রিমস।

    চূড়ায় ওঠার পথে বাবর আলীর সঙ্গে ছিলেন গাইড অ্যাং কামি শেরপা। অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিল ভিজ্যুয়াল নিটওয়ার্স লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান’স গ্রোসারিজ। 

    ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাউন্ট মাকালু হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। অভিযানের উদ্দেশ্যে বাবর আলী গত ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন। ৯ এপ্রিল তুমলিংতার পৌঁছে সেখান থেকে সড়কপথে সেদুয়া গ্রামে যান এবং পরে ট্রেকিং করে ১৮ এপ্রিল অ্যাডভান্সড বেস ক্যাম্পে পৌঁছান।

    অভিযানের অংশ হিসেবে উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে তিনি ২১ এপ্রিল ক্যাম্প-১ ও পরদিন ক্যাম্প-২-এ ওঠেন। প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার বেস ক্যাম্পে ফিরে আসেন। ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় রোটেশনে তিনি আবার ক্যাম্প-২ পর্যন্ত উঠে এক রাত কাটিয়ে নেমে আসেন এবং অনুকূল আবহাওয়ার অপেক্ষায় থাকেন।

    আবহাওয়া অনুকূলে আসার ইঙ্গিত পেয়ে ৩০ এপ্রিল আবার চূড়ার পথে যাত্রা শুরু করেন। সরাসরি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২তে ওঠার পরদিন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ পৌঁছান। 

    সেখানেই বিকাল পর্যন্ত অপেক্ষা করে মধ্যরাতে শুরু করেন চূড়ান্ত আরোহন। টানা ১,১০০ মিটারেরও বেশি খাড়া পথ অতিক্রম করে ভোরে পৌঁছে যান চূড়ায়।

    এর আগে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করে একই অভিযানে দুটি ৮ হাজার মিটারের শৃঙ্গ জয় করা প্রথম বাংলাদেশি হন তিনি। ২০২৫ সালের এপ্রিলে আন্নপূর্ণা ও সেপ্টেম্বরে মাউন্ট মানাসলু (অক্সিজেন ছাড়াই) জয় করে আরও দুটি ইতিহাস গড়েন।

    মাউন্ট মাকালু জয় করার মাধ্যমে এখন বিশ্বের ১৪টি ৮ হাজার মিটারের শৃঙ্গের মধ্যে পাঁচটিতে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আলী। সবগুলো জয় করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন দৃঢ় পদক্ষেপে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins